মাসুদ রানা রাব্বানী: রাজশাহী নগরীর ডিঙ্গাডোবা এলাকায় কাটা একটি পা পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ পড়ে থাকা পা উদ্ধার করেছে। পুলিশ বলছে, কীভাবে একটি পা এলো তা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয়রা জানান, ডিঙ্গাডোবা এলাকায় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। এই সড়কের পাশের একটি নিচু স্থানে একটি কাটা ডান পা পড়ে ছিলো। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পথচারিরা প্রথমে সেটি দেখতে পান। এরপর পুলিশে খবর দেয়া হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কাটা পা উদ্ধার করে নিয়ে যায়।
নগরীর রাজপাড়া থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ কাটা পা এনে এখানে ফেলে গিয়েছিল। ময়নাতদন্তের জন্য সেটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আরো জানায়, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। এটি কার পা বা কারা তা ফেলে গেছে সে ব্যাপারে তদন্ত চলছে।

0 Comments:
Post a Comment